ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

খামেনির দাফনের পর ফের বৈঠকে বসবে ইরান-আমেরিকা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ১১:০২ এএম
ছবি : সংগৃহীত

কাতারের মধ্যস্থতায় দোহায় অনুষ্ঠিত পরোক্ষ আলোচনায় ইতিবাচক অগ্রগতির পর আবারও আলোচনায় বসতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর যত দ্রুত সম্ভব পরবর্তী বৈঠকের তারিখ নির্ধারণ করা হবে।

বুধবার (১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এ কথা বলেন।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাঁর পোস্টে লেখেন, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক হয়েছে। ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এবং লেক লুসার্ন সম্মেলনের ফলাফলের ভিত্তিতে বিভিন্ন বিষয়ে দুই পক্ষের মধ্যে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

তিনি আরও লেখেন, অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে ওয়াশিংটন ও তেহরান। কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই বাকি মতপার্থক্য দূর করার চেষ্টা চলবে বলে আশা প্রকাশ করেছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হন। আগামী শুক্রবার তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।