আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিরাপত্তাজনিত কারণে বেনাপোল বন্দর দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে টানা তিন দিন আমদানি–রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। একই সঙ্গে ভোটের দিন দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচলও বন্ধ থাকবে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব কাজী আরিফুর রহমান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বেনাপোলসহ দেশের সব স্থলবন্দর দিয়ে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞার নির্দেশনা দেওয়া হয়। ওই চিঠি বন্দর ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ কারণে নিরাপত্তার স্বার্থে ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাচন এবং ১৩ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা তিন দিন ভারতের সঙ্গে আমদানি–রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। পাশাপাশি ভোটের দিন ১২ ফেব্রুয়ারি ভারত ভ্রমণও বন্ধ থাকবে।
বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে বৃহস্পতিবার দুই দেশের মধ্যে যাত্রী পারাপার বন্ধ রাখার নির্দেশনা সংবলিত একটি চিঠি তাঁর দপ্তরে এসেছে।
তিনি আরও জানান, বুধবার ও বৃহস্পতিবার আমদানি–রফতানিও বন্ধ থাকবে। আগামী ১৩ ফেব্রুয়ারি সকাল ৬টার পর থেকে দুই দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক হবে এবং ১৪ ফেব্রুয়ারি থেকে পুনরায় আমদানি–রফতানি কার্যক্রম শুরু হবে।

