ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তেলের পাচার ঠেকাতে যশোর সীমান্তে সতর্ক বিজিবি

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৮:১৭ পিএম
ট্রাকে তল্লাশি বিজিবির। ছবি : রূপালী বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে সারা বিশ্বে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটছে। এর ফলে দেশের জ্বালানি খাতে সংকট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির হওয়ায় পাচার ঠেকাতে যশোর সীমান্তে টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্ত এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি জানায়, সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। এ সুযোগে কিছু অসাধু চক্র দেশে কৃত্রিম সংকট সৃষ্টি ও অধিক মুনাফার আশায় জ্বালানি তেল মজুত বা পাচারের চেষ্টা করতে পারে। সদর দপ্তরের নির্দেশনায় যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা বেনাপোল স্থলবন্দরসহ যশোরের শার্শা ও চৌগাছা সীমান্তে তেল পাচার রোধে জনবল বৃদ্ধি, টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

এ ছাড়া গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। বিশেষ করে যেসব রুট দিয়ে অতীতে ডিজেল ও পেট্রোল পাচারের চেষ্টা হয়েছে, সেসব পয়েন্টে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বেনাপোল স্থলবন্দর গেটে দেশীয় ও ভারতীয় ট্রাক ভারতে প্রবেশের সময়ও বাড়তি সতর্কতার সঙ্গে তল্লাশি করা হচ্ছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্ত এলাকায় জনবল বৃদ্ধি, বিশেষ টহল, গোয়েন্দা তৎপরতা জোরদার এবং সন্দেহভাজন পরিবহনে তল্লাশি বাড়ানো হয়েছে। কোনোভাবেই যেন সীমান্ত পথে জ্বালানি তেল পাচার না হয় সে বিষয়ে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

এর আগে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক জরুরি পর্যালোচনা সভায় জ্বালানি পাচার রোধে বিজিবিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।