ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বেনাপোলে ক্রেন দুর্ঘটনায় নিহত শ্রমিকের জানাজা সম্পন্ন

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৪:৪০ পিএম
ক্রেন দুর্ঘটনায় নিহত শ্রমিকের জানাজা সম্পন্ন। ছবি : রূপালী বাংলাদেশ

যশোরের বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনায় নিহত শ্রমিক শাহাজান (৪৫) এর জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বেনাপোল বলফিল্ড মাঠ প্রাঙ্গণে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মানজারুল মান্নান, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, বন্দর পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, পৌর বিএনপির সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তারসহ বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন (৮৯১ ও ৯২৫) এর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ ও সহকর্মী শ্রমিকরা অংশ নেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় বন্দর এলাকায় পণ্য লোডিংয়ের সময় হঠাৎ ক্রেনের সিলিং ছিঁড়ে পড়লে ঘটনাস্থলেই শাহাজান নিহত হন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও একজন শ্রমিক আহত হয়েছেন।

জানাজা শেষে নিহতের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় শ্রমিক নেতারা বন্দরে কর্মরত শ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

এদিকে, সকালে বেনাপোলে বন্দর শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে এক শোকসভা অনুষ্ঠিত হয়। দুর্ঘটনায় নিহত শ্রমিকের পরিবারকে সহযোগিতা করা হয় এবং আহত শ্রমিককে সব ধরনের চিকিৎসা সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন শ্রমিক নেতৃবৃন্দ।