যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরই মধ্য দিয়ে যশোরবাসীর একটি স্বপ্ন পূরণ হলো।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকার দেশের মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে। সরকারি ব্যবস্থাপনায় বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসাসেবা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এতে মানুষ অল্প সময়ের মধ্যে চিকিৎসা সুবিধা পাবেন।
তিনি বলেন, বিশ্বে চিকিৎসাসেবা অত্যন্ত ব্যয়বহুল। ফলে চিকিৎসাসেবার পাশাপাশি রোগ প্রতিরোধক্ষমতাও বৃদ্ধি করতে হবে। রোগীর সংখ্যা আস্তে আস্তে কমিয়ে আনতে হবে। এ জন্য দেশে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। তাদের ৮০ শতাংশ হবেন নারী। এসব স্বাস্থ্যকর্মী ছড়িয়ে পড়বেন সারা দেশে। তারা পরিবারের নারী প্রধানদের বোঝাবেন খাদ্যের গুণাগুণ নিয়ে। খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে রোগকে প্রতিরোধ করতে হবে। এতে হাসপাতালে রোগীর চাপও কম পড়বে।
প্রধানমন্ত্রী তারেক রহমান শার্শার উলাশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে সড়কপথে যশোর মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছান। ‘সবার আগে বাংলাদেশ’ লেখা বিশেষ গাড়ি থেকে নেমে তিনি সরাসরি সুধিজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর তিনি মঞ্চে ওঠে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের প্রকল্প সম্পর্কে ধারণা নেন। পরে হাসপাতাল নির্মাণকাজ উদ্বোধন করেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহজালাল, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আবু হাসনাত ও মো. আহসান হাবীব প্রমুখ।


