ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

দিল্লিতে প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৮:৫৭ পিএম
সাংবাদিক মো. সাইদুর রহমান।। ছবি : সংগৃহীত

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (১৯ জুলাই) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. সাইদুর রহমানকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে আগামী এক বছর মেয়াদে তিনি ভারতের বাংলাদেশ হাইকমিশনের নয়াদিল্লি মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

নবনিযুক্ত মিনিস্টার (প্রেস) মো. সাইদুর রহমান ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির ‘ক্রিয়েটিভ অ্যান্ড আর্টস’ এবং ‘ফ্যাক্ট-চেকিং’ উপকমিটির সদস্য ছিলেন।

এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর সভাপতির দায়িত্বও পালন করেন।

নিয়োগের আগে মো. সাইদুর রহমান দৈনিক ইত্তেফাক-এর রাজনীতি ও নির্বাচনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।