ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে ২০ বাংলাদেশি শিশু। বুধবার (১৩ মে) সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) হয়ে তাদের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ফেরত আসা শিশুদের মধ্যে ১৩ জন মেয়ে ও ৭ জন ছেলে। তারা বাগেরহাট, খুলনা, নড়াইল ও যশোর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। অধিকাংশ শিশুই তাদের মা-বাবার সঙ্গে ভারতে গিয়ে পরে কারাগারে ছিল। শিশুদের সাজা শেষ হলেও তাদের মা-বাবার সাজা এখনও শেষ হয়নি। ফলে তারা এখনও ভারতের বিভিন্ন কারাগারে রয়েছেন।
ইমিগ্রেশন সূত্র জানায়, ভালো কাজের আশায় দালালের মাধ্যমে পাসপোর্ট ছাড়াই সীমান্তের অবৈধ পথে তারা পরিবারের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় যায়। সেখানে তাদের মা-বাবারা বাসাবাড়ি ও মাঠে কাজ করতেন। ২০২৪ সালের প্রথম দিকে বেনাপোল সীমান্ত দিয়ে তারা ভারতে প্রবেশ করে। পরে ২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিকে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে তাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে পাঠায়।
সাজা শেষে ভারতের একটি মানবাধিকার সংস্থার আবেদনের পর শিশুদের পশ্চিমবঙ্গের কিশোলয়া, সুরকন্যাসহ সাতটি শেল্টার হোমে রাখা হয়।
ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন সূত্রে জানা যায়, কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে ইস্যুকৃত বিশেষ ট্রাভেল পারমিট এবং ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) এক্সিট পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়।
নোম্যান্সল্যান্ডে শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুমের উপস্থিতিতে বিজিবি, বিএসএফ, পুলিশ ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের অংশগ্রহণে আনুষ্ঠানিক হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পুলিশ পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী বলেন, শিশুদের ট্রাভেল পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে শিশুদের যশোরের মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’, মহিলা আইনজীবী সমিতি ও যশোর রাইটসের কাছে হস্তান্তর করা হয়েছে। সংস্থাগুলো তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে।

-20260513194001.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন