বর্তমান সরকার জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। শুক্রবার (১০ এপ্রিল) সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর পাইলট হাইস্কুল মাঠে স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার উত্থান হয়েছে। জনগণ একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা করেছে এবং সেই প্রত্যাশা বাস্তবায়নে সরকার কাজ করছে। তিনি জানান, ইতোমধ্যে জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের সুরক্ষায় নীতিমালা প্রণয়ন করা হয়েছে।
শহিদ আবু সাইদ হত্যা মামলার রায় প্রসঙ্গে তিনি বলেন, ট্রাইব্যুনাল সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রায় দিয়েছেন। রায়ে অসন্তুষ্ট পক্ষ আইন অনুযায়ী ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবে। তিনি আরও বলেন, এ ধরনের বিষয়ে গণমাধ্যমে প্রতিক্রিয়া জানানোর পরিবর্তে আদালতে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই প্রতিকার চাওয়া উচিত।
বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে তিনি বলেন, পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে। এ বিষয়ে জাতীয় সংসদে সরকারের অবস্থান স্পষ্ট করা হয়েছে। পাশাপাশি হাইকোর্টের দেওয়া রায়ের বিষয়টি এখনও চূড়ান্ত নয়; সুপ্রিম কোর্টে আপিল নিষ্পত্তির পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট একরামুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান, কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদউজ্জামানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


