পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শৈলকুপা পৌর এলাকার পয়নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে মাঠে নেমেছেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান। পৌরসভার পরিচ্ছন্নতা ও কারিগরি টিমকে সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন এলাকার ড্রেন ও পানি নিষ্কাশন ব্যবস্থা পরিদর্শন করেন।
আজ সকালে পৌর শহরের একটি গুরুত্বপূর্ণ ড্রেনেজ লাইনের সামনে দাঁড়িয়ে সরেজমিনে কাজের অগ্রগতি তদারকি করতে দেখা যায় ইউএনও মাহফুজুর রহমানকে। এ সময় তিনি সংশ্লিষ্টদের দ্রুত সময়ের মধ্যে ড্রেন পরিষ্কার ও পানি চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
জানা যায়, ঈদকে কেন্দ্র করে শহরে মানুষের চলাচল ও ব্যবসা-বাণিজ্য বেড়ে যাওয়ায় যাতে জলাবদ্ধতা বা ময়লা-আবর্জনার কারণে জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সেজন্য আগাম উদ্যোগ নেওয়া হয়েছে। পৌরসভার বিভিন্ন সড়ক, ড্রেন ও নালা পরিষ্কার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
ইউএনও মাহফুজুর রহমান বলেন, ঈদের সময় সাধারণ মানুষ যেন স্বস্তিতে চলাচল করতে পারে এবং কোথাও পানি জমে দুর্ভোগ সৃষ্টি না হয়, সেজন্য আমরা আগাম প্রস্তুতি নিচ্ছি। পৌরসভা টিম নিয়মিত কাজ করছে, আমরাও সার্বক্ষণিক তদারকিতে রয়েছি।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সময়মতো ড্রেন পরিষ্কার ও পয়নিষ্কাশন ব্যবস্থা উন্নত হলে ঈদের সময় শহরের পরিবেশ আরও সুন্দর ও স্বস্তিদায়ক হবে।

