ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ঝিনাইদহে ৩ ফসলি জমি রক্ষায় মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০২:২৩ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ঝিনাইদহে ৩ ফসলি জমি রক্ষায় মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (৩০ জুন) সকালে ঝিনাইদহ সদর উপজেলার কাশিমপুর গ্রামে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে ওই এলাকার কৃষক, শ্রমিক, দিনমজুর, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে বক্তব্য রাখেন, ওই গ্রামের সোহরাব হোসেন, আবু তালেব মোল্লা, জামাল হোসেন, সাইফুল মন্ডল, মাহবুব মোল্লাসহ স্থানীয়রা।

সে সময় বক্তারা অভিযোগ করে বলেন, মহাসড়কের পাশে ৩ ফসলি জমিতে ইউনুস আলী নামের এক ব্যবসায়ী অটো রাইস মিল নির্মাণ করছে। তাদের দাবি, মিলটি নির্মাণ হলে পরিবেশ দূষণ, কৃষিজমির ক্ষতি এবং স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে। তাই দ্রুত সময়ের মধ্যে অটো রাইস মিল নির্মাণ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ হস্তক্ষেপ কামনা করেন তারা।

এলাকাবাসী জানায়, ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাশে ছায়াঘেরা গ্রাম কাশিমপুর। এখানে কতিপয় অসাধু ব্যক্তি ফসলি জমিতে অটো রাইস মিল তৈরি করছে। অটো রাইস মিল থেকে নির্গত ধোঁয়া ও ছাই পরিবেশের জন্য ক্ষতিকর। ৩ ফসলি জমিতে কোনো কলকারখানা নয় বরং তা চাষের মাধ্যমে কৃষক ও কৃষি বাঁচানোর আহ্বান জানিয়েছেন তারা।