ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীর ভাসমান ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৩:২৭ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জ শহরের পঞ্চসার  ইউনিয়নের নয়াগাঁও এলাকায় ধলেশ্বরী নদীর ওপর অবস্থিত ও টি লাইবা ফ্লোটিং অ্যান্ড ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত ও দক্ষ অভিযানে আগুন নিয়ন্ত্রণে আসায় সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা ও ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ধলেশ্বরী নদীর ওপর অবস্থিত ওটি লাইবা ফ্লোটিং অ্যান্ড ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে ব্রিদিং অ্যাপারেটাস (Breathing Apparatus) ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তাদের তাৎক্ষণিক ও সমন্বিত প্রচেষ্টায় স্বল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি লঞ্চে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় সৃষ্ট স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত।

অগ্নিকাণ্ডে ফিলিং স্টেশনের কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।