চট্টগ্রামে টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ) প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়েছে ব্রাজিল। মঙ্গলবার (৩০ জুন) সকালে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনার এ ম্যাচে টাইব্রেকারে আর্জেন্টিনাকে ৫-৪ গোলের ব্যবধানে হারিয়ে ট্রফি ঘরে তোলে ব্রাজিল।
ম্যাচের শুরুতেই তারাচরণ টিপুর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। পরে ব্রাজিলের হয়ে সমতা ফেরান অনিক বিশ্বাস। ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে এনামুল হকের গোলে ব্রাজিল এগিয়ে গেলেও অল্প সময়ের মধ্যেই সুমন গোস্বামীর গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত নির্ধারিত সময় ২-২ গোলে শেষ হলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানেই জয় নিশ্চিত করে ব্রাজিল।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মোহাম্মদ সালাউদ্দিন।
ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজক কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিলায়েন্স ট্রেড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনের স্বত্বাধিকারী তহুরা পিংকি ও রহিমা রুহী এবং মাখতুমা মোতাছিম অ্যাসোসিয়েটের স্বত্বাধিকারী ফরিদ উদ্দিন।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈশাখী টিভির ব্যুরো প্রধান গোলাম মওলা মুরাদ, এটিএন বাংলার ব্যুরো প্রধান আবুল হাসনাত এবং দীপ্ত টিভির ব্যুরো প্রধান লতিফা আনসারী।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আশরাফুল আলম মামুন, সাবেক সভাপতি সফিক আহমেদ সাজিবসহ স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার মধ্যেও এ ধরনের ক্রীড়া আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি এবং মানসিক সতেজতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

