ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জয়পুরহাটে জেলা বিএনপির গণসংযোগ ও মিছিল

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৭:০১ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

জয়পুরহাটে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাসুদ রানা প্রধানের পক্ষে গণসংযোগ ও মিছিল করেছে জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির উদ্যোগে গণসংযোগ ও মিছিলটি জেলা বিএনপি কার্যালয় থেকে বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

গণসংযোগ ও মিছিলের নেতৃত্ব দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। এতে জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।

পরে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন।

তিনি বলেন, বিএনপির শাসনামলে সাধারণ মানুষ দৃশ্যমান উন্নয়ন দেখেছে। এছাড়া ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

তিনি আরও বলেন, এ কারণেই জয়পুরহাট জেলার দুটি আসনেই যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী ১২ তারিখের নির্বাচনে উভয় আসনেই বিএনপি প্রার্থীরা বিজয়ী হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।