ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অজ্ঞাত ব্যক্তির মাটিচাপা মরদেহ মিলল ফসলি মাঠে, হাত-পা বাঁধা

‎আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: মে ১২, ২০২৬, ১০:২৮ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

‎জয়পুরহাটের আক্কেলপুরে ফসলি মাঠ থেকে হাত-পা বাঁধা ও মাটি চাপা দেওয়া অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১২ মে) উপজেলার তিলকপুর ইউনিয়নের নওজর গ্রামের নিশ্চিন্তা ফসলি মাঠের কাটা ধানখেত থেকে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির পরনে লুঙ্গি ও নীল ও ঘিয়া রঙের গেঞ্জি রয়েছে। বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, গত শনিবার ওই মাঠের দুলু চেয়ারম্যানের জমির বোরো ধানখেত কাটা হয়। মঙ্গলবার সকলে লোকজন ওই কাটা ধানখেত দিয়ে অন্য ধানখেতে যাওয়ার সময় দুর্গন্ধ অনুভব করেন। তারা ধানখেতে আলগা মাটি দেখে কাছে গিয়ে মানুষের হাত দেখতে পেয়ে চিৎকার দেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল করে আক্কেলপুর থানা পুলিশকে ঘটনাটি জানান। পুলিশ গিয়ে মাটি সরিয়ে হাত-পা বাঁধা লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। লাশটি ২/৩ দিন আগের বলে পুলিশ ধারণা করছে।

নওজোর গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, আমাদের গ্রামের ফসলি মাঠে কাটা ধানখেতে মাটিচাপা দেওয়া একটি ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। লোকটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। দ্রুত লাশের পরিচয় শনাক্ত ও খুনিদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

‎তিলকপুর ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম রেজা বাদশা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে। তবে মরদেহের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎আক্কেলপুর থানার ওসি শাহীন রেজা বলেন, হাত-পা বাঁধা মাটিচাপা দেওয়া এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। লাশটি ২/৩ দিন আগে বলে ধারণা করা হচ্ছে। লাশের পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চলছে।