ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আক্কেলপুরে বিজ্ঞান বই ছাড়া ৬০ জন শিক্ষার্থীর চলছে ক্লাস

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০৮:৩২ পিএম
ছবি : সংগৃহীত

চলতি শিক্ষাবর্ষের পাঁচ মাস অতিবাহিত হলেও জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ৬০ জন শিক্ষার্থী এখনো বিজ্ঞান বিষয়ের পাঠ্যবই ছাড়া ক্লাস করছে। এ ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ব্যাখ্যা তলব করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২৬ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক গত ২ জানুয়ারি বিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করে। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বই বিতরণ করা হয়নি বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জোবেদ ইকবাল হাসান স্বাক্ষরিত ২১ মে এক চিঠিতে রায়কালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, কেন তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে আগামী ২ জুন অফিস চলাকালীন সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিল করতে হবে। অন্যথায় প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

আক্কেলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জোবেদ ইকবাল হাসান বলেন, রায়কালী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির চাহিদা অনুযায়ী বই সরবরাহ করা হয়েছে। কিন্তু এখনো অষ্টম শ্রেণির ৬০ জন শিক্ষার্থী বিজ্ঞান বই পায়নি বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

রায়কালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন কারণ দর্শানোর নোটিশ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে ১১০ জন শিক্ষার্থী রয়েছে। বিজ্ঞান বইয়ের বদলে ৩০টি অন্য বই এসেছিল। এ কারণে কয়েকজন শিক্ষার্থীকে বিজ্ঞান বই দেওয়া যায়নি। ৬০ জন শিক্ষার্থী এখনো বিজ্ঞান বই পায়নি—এমন অভিযোগ সঠিক নয়। কারণ দর্শানোর নোটিশ পেয়েছি। চিঠিতে বেঁধে দেওয়া সময়ের মধ্যে জবাব দেব।