খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম বৌদ্ধমনি পাড়া কাঠালতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার ৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত শুক্রবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধীনস্থ বৌদ্ধমনিপাড়া বিওপির নায়েব সুবেদার মো. শাহআলম-এর নেতৃত্বে বিজিবির একটি টহলদল বৌদ্ধমনিপাড়ার কাঠালতলী যাত্রী ছাউনি এলাকায় অবস্থান করে। এ সময় সীমান্ত সড়ক দিয়ে ২টি মোটরসাইকেলে ৪ জন ব্যক্তিকে আসতে দেখে বিজিবি টহলদল সন্দেহজনকভাবে তাদেরকে চ্যালেঞ্জ করে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল ফেলে দ্রুত পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সামগ্রী বিওপিতে নিয়ে আসার পথে আনুমানিক ১০০-১১০ জন সন্ত্রাসী বিজিবি টহলদলকে ঘেরাও করার চেষ্টা করে। খবর পেয়ে পানছড়ি ব্যাটালিয়ন সদর হতে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েস-এর নেতৃত্বে আরও ২টি টহলদল দ্রুত রওনা হয়। অতিরক্ত বিজিবি সদস্য আসার খবর পেয়ে সন্ত্রাসী গ্রুপের সদস্যরা ধীরে ধীরে সরে যায়। বিজিবি সদস্যদের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসিকতার মাধ্যমে সন্ত্রাসী গ্রুপের সদস্যদের শনাক্ত ও পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়।
পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধিনায়ক জানান, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী ও চোরাকারবারীরা বিভিন্ন কৌশলে অবৈধ কার্যক্রম বৃদ্ধির চেষ্টা করলেও বিজিবি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও নিয়মিত টহল কার্যক্রম জোরদারের মাধ্যমে এসব কার্যক্রম দমন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

