ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের ধান ও বিনা মূল্যে বীজ, চারা ও সার বিতরণ 

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০২:৩৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ৫ কেজি বীজ ধান ও কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টি সমৃদ্ধ শাকসবজি চাষে কৃষকদের উৎসাহিত করতে বিনা মূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি অফিস।

সোমবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় আয়োজিত এ কার্যক্রমে কৃষকদের মাঝে বিভিন্ন উন্নত জাতের শাকসবজির বীজ, চারা ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহফুজ আলম। 

এ সময় খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ বিভাগে উপপরিচালক নাসির উদ্দিন চৌধুরী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা, জহুরুল আলম প্রমুখ।

বক্তব্যে বক্তারা কৃষকদের উদ্দেশ্যে আধুনিক ও লাভজনক চাষাবাদ বিষয়ে দিকনির্দেশনা দেন। এ সময় তারা বলেন, পতিত জমিকে চাষের আওতায় এনে নিরাপদ ও পুষ্টিকর সবজি উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের আয় বৃদ্ধিতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন সহায়তা দিয়ে যাচ্ছে এবং মৌসুমি সবজি চাষে তাদের খরচ কমাবে এবং উৎপাদন বাড়াতে সহায়ক হবে। তারা ভবিষ্যতেও কৃষি বিভাগের এমন সহায়তা অব্যাহত রাখার দাবি জানান।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, মাঠ পর্যায়ে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের স্বাবলম্বী করে তুলতেই এ ধরনের সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

প্রায় ৪০০ জন কৃষককে ধান, শাকসবজির বীজ, চারা ও সার বিতরণ করা হয়েছে।