রাজশাহী জেলার বাগমারা উপজেলার ১৫ নম্বর যোগীপাড়া ইউনিয়নে অবস্থিত ‘কাতিলা’ গ্রামটি ঐতিহ্যগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভৌগোলিক বিচারে বাংলা ‘খ’ আকৃতির বিশালাকার এই গ্রামটির উত্তরাঞ্চল ‘নিচু কাতিলা’ নামে পরিচিত। অথচ এই অঞ্চলের প্রায় ৩ হাজার মানুষের চলাচলের অন্যতম মাধ্যম ‘নাগা বাজার-মৌলভীভিটা সড়কটি’ যুগ যুগ ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। সম্প্রতি সড়কটি পাকা করার কাজ শুরু হলেও তা রহস্যজনকভাবে স্থবির হয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা চরম আকার ধারণ করেছে।
কাতিলা গ্রামে রয়েছে দুটি প্রাথমিক বিদ্যালয়, দুটি মাদ্রাসা, দুটি ঈদগাহ ময়দান, দুটি হিন্দু মন্দির, একটি হাই স্কুল এবং একটি কলেজ। প্রতিদিন হাজারো শিক্ষার্থী ও এলাকাবাসী এই সড়ক দিয়ে যাতায়াত করেন। এ ছাড়া এটি পার্শ্ববর্তী নওগাঁ ও নাটোর জেলার সীমান্তবর্তী সংযোগস্থল হওয়ায় কৌশলগতভাবে সড়কটির অর্থনৈতিক গুরুত্বও অনেক। তবে রাজশাহী জেলার একদম শেষ প্রান্তে হওয়ার অজুহাতে বছরের পর বছর ধরে রাস্তাটি অবহেলিত হয়ে রয়েছে।
৮ মাসেও শুরু হয়নি মূল কাজ : স্থানীয়দের দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসন নাগা বাজার, কিনুরমোড় থেকে শুরু করে মৌলভীভিটার ওপর দিয়ে নিচু কাতিলার শেষ প্রান্ত পর্যন্ত ১.২ কিলোমিটার রাস্তা পাকা করার উদ্যোগ নেয়। কিন্তু কাজ শুরু হওয়ার প্রায় ৮ মাস পার হয়ে গেলেও মূল সড়ক পাকা করার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কাজের নামে কেবল কয়েকটি পুকুরের পাশে ঢিলেঢালাভাবে গুটিকয়েক ইটের গাঁথুনি দিয়েই তড়িঘড়ি কাজ শেষ করার ইঙ্গিত দেখা যাচ্ছে।
যেসব পুকুরের পাশে সড়ক ধসে পড়ার ঝুঁকি সবচেয়ে বেশি, আশ্চর্যজনকভাবে সেসব ঝুঁকিপূর্ণ স্থান বাদ দিয়েই অল্পস্বল্প কিছু কাজ করা হয়েছে।
বর্তমানে সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কর্দমাক্ত হয়ে হাঁটুসমান কাদায় পরিণত হয়। ফলে কোমলমতি শিক্ষার্থীদের স্কুলে যাওয়া, বয়স্ক ও রোগীদের স্বাস্থ্যসেবা কেন্দ্রে নেওয়া এবং হাটে-বাজারে কৃষিপণ্য পরিবহন করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ৩ হাজার বাসিন্দার জীবনযাত্রা কার্যত স্তব্ধ হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে স্থানীয় সংসদ সদস্য কারো নজরই পড়ছে না এই অবহেলিত জনপদে। সরকারি বাজেট বরাদ্দ হওয়ার পর এবং কাজ শুরু করার পর ঠিক কী কারণে বা কার স্বার্থে উন্নয়ন কাজ বন্ধ রাখা হলো, তা জানতে চান এলাকাবাসী।
রাজশাহী জেলার শেষ সীমানা ও নওগাঁ ও নাটোরের সীমান্তবর্তী এই প্রত্যন্ত অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্দশা দূর করতে অবহেলা ও দীর্ঘসূত্রতা বন্ধের দাবি জানিয়েছেন নিচু কাতিলার সর্বস্তরের জনগণ। বরাদ্দকৃত বাজেটের সঠিক ব্যবহার নিশ্চিত করে দ্রুততম সময়ে নাগা বাজার-মৌলভীভিটা সড়কের পাকা করার মূল কাজ শুরু করতে তারা জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।
স্থানীয় বাসিন্দা কোরবান আলী বলেন, কাজের নামে কয়েকটি স্থানে সীমিত আকারে ইটের গাঁথুনি করা হলেও ঝুঁকিপূর্ণ অংশগুলো সংস্কারের বাইরে রাখা হয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কটি কর্দমাক্ত হয়ে পড়ায় শিক্ষার্থী, রোগী ও কৃষিপণ্য পরিবহনে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে। বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করে দ্রুত সড়কটির পাকাকরণের কাজ সম্পন্ন করা হোক। এ বিষয়ে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
এ প্রসঙ্গে বাগমারার যোগীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এম এফ মাজেদুল ইসলাম সোহাগ বলেন, এই খাতে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় কাজ বন্ধ রয়েছে। নতুন অর্থ বছর চালু হয়েছে, বরাদ্দ পেলে শিগগিরিই আবারও রাস্তার কাজ শুরু করা হবে।

