ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৩:৫০ পিএম
আশিয়ান গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়া। ছবি : সংগৃহীত

রাজধানীর খিলক্ষেতে বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগে আশিয়ান গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন অভিনেত্রী ও মডেল স্নিগ্ধা চৌধুরী।

রোববার (২৭ জুলাই) রাতে রাজধানীর খিলক্ষেত থানায় সংবাদ সম্মেলনে স্নিগ্ধা চৌধুরী অভিযোগ করেন, ইমন নামের এক ব্যক্তি প্রায় এক মাস ধরে তাকে আশিয়ান সিটির একটি বিজ্ঞাপনে কাজ করার প্রস্তাব দিয়ে আসছিলেন। গত শুক্রবার রাতে চুক্তির কথা বলে তাকে ও তার মাকে আশিয়ান সিটিতে নিয়ে যাওয়া হয়। পরে তার মা চলে গেলে তাকে চেয়ারম্যানের কক্ষে একা রেখে দেওয়া হয়।

স্নিগ্ধার দাবি, একপর্যায়ে মো. নজরুল ইসলাম ভূঁইয়া তাকে অন্য এক নারী, ‘জেবা তাকিয়া’ ভেবে জিজ্ঞাসাবাদ শুরু করেন এবং তার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ তোলেন। তিনি প্রতিবাদ করলে তাকে হাত-পা বেঁধে মারধর করা হয়, গলা চেপে ধরা হয় এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়। এ সময় তার মুখে গরম কফি ছুড়ে মারা হয় এবং চাকু দিয়ে মুখ কেটে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে স্নিগ্ধা বলেন, তিনি এর আগে কখনো অভিযুক্ত ব্যক্তির সঙ্গে পরিচিত ছিলেন না। অন্য একজন নারী ভেবে তার ওপর নির্যাতন চালানো হয়েছে বলে দাবি করে তিনি সরকারের হস্তক্ষেপ এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে খিলক্ষেত থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন। তিনি বলেন, মামলাটি গ্রহণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।