ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া গর্ভবতী হরিণ উদ্ধার

কয়রা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০২:৩৮ এএম
ছবি: সংগৃহীত

সুন্দরবনের কেয়াবুনিয়া খাল এলাকায় শিকারিদের পাতা ফাঁদ থেকে একটি জীবিত গর্ভবতী হরিণ উদ্ধার করেছেন বনরক্ষীরা। পরে হরিণটিকে বনে অবমুক্ত করা হয়।

সোমবার (২ মার্চ) সকাল আনুমানিক ১০টার দিকে সুন্দরবন পশ্চিম বনবিভাগের খুলনা রেঞ্জের অধীন হায়াতখালী বন টহল ফাঁড়ির বনরক্ষী ও সিপিজি সদস্যরা যৌথভাবে পায়ে হেঁটে টহল দেওয়ার সময় হরিণ শিকারের ছিটকা ফাঁদে আটকে থাকা প্রাণীটিকে দেখতে পান। পরে সেটিকে উদ্ধার করা হয়।

এ সময় বনরক্ষীরা আশপাশ এলাকায় তল্লাশি চালালেও সংশ্লিষ্ট দুষ্কৃতিকারীদের খুঁজে পাওয়া যায়নি। উদ্ধার করা হরিণটি সুস্থ থাকায় তাৎক্ষণিকভাবে সুন্দরবনের অভ্যন্তরে অবমুক্ত করা হয়।

হায়াতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু বাড়ৈ জানান, উদ্ধার করা হরিণটি গর্ভবতী ছিল। প্রাণীটিকে নিরাপদে উদ্ধার করতে পেরে বনকর্মীরা স্বস্তি পেয়েছেন। অভিযানে হরিণ ধরার ২৭টি ছিটকা ফাঁদ জব্দ করে ধ্বংস করা হয়েছে বলে তিনি জানান।