ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

দুই হালি ডিমের দাম উঠল ২ হাজারে

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৯:৫৫ এএম
ডিম। প্রতীকী ছবি

সাধারণত বাজারে দুই হালি ডিমের দাম সর্বোচ্চ ৮০ থেকে ১০০ টাকা। কিন্তু কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের নামাপাড়া গ্রামে এই ধারণার ব্যতিক্রম ঘটেছে। সেখানে একটি মসজিদে দুই হালি ডিম নিলামে বিক্রি হয়েছে মোট দুই হাজার টাকায়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শবেবরাত উপলক্ষে নামাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে হাঁস ও মুরগির দুই হালি ডিম দান করেন স্থানীয় দুই ব্যক্তি। এশার নামাজ শেষে মসজিদ কমিটির উদ্যোগে ওই ডিম নিলামে তোলা হয়।

নিলামের শুরুতেই স্থানীয় বাসিন্দা মানিক মিয়া এক হালি ডিম ৩০০ টাকায় কিনে নেন। এরপর ডিম কেনাকে কেন্দ্র করে মুসল্লিদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রতিযোগিতা দেখা যায়। দ্বিতীয় দফার নিলামে বাকি এক হালি ডিম এক হাজার টাকায় কিনে নেন স্থানীয় বাসিন্দা বাদল মিয়া।

পরে মানিক মিয়া তার কেনা এক হালি ডিম পুনরায় মসজিদে দান করেন। এতে আবারও নিলাম শুরু হয় এবং শেষ পর্যন্ত ওই ডিম ৭০০ টাকায় কিনে নেন আরেক স্থানীয় বাসিন্দা।

সবচেয়ে বেশি দামে ডিম কেনা বাদল মিয়া বলেন, মসজিদ থেকে কেনা খাবারে বরকত রয়েছে—এই বিশ্বাস থেকেই তিনি ডিমগুলো কিনেছেন।

নামাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব রবিউল ইসলাম বলেন, ভালো কাজে প্রতিযোগিতা করার নির্দেশনা ইসলামে রয়েছে। মসজিদের নিলামে অংশগ্রহণ করলে আল্লাহর বরকত পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। তিনি জানান, নিলামে সংগৃহীত অর্থ মসজিদের উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে।