ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাওরে তলিয়ে গেছে ২৬৮ হেক্টর ধান, ক্ষতিগ্রস্ত ২১ হাজার কৃষক

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মে ২, ২০২৬, ০৬:১১ এএম

টানা অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে কিশোরগঞ্জের হাওরাঞ্চলে নতুন করে আরও ২৬৮ হেক্টর বোরো ধানের জমি তলিয়ে গেছে। এতে জেলায় মোট ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার ৭৬৮ হেক্টর, আর ক্ষতির মুখে পড়েছেন প্রায় ২১ হাজার কৃষক।

কিশোরগঞ্জ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত তিন দিনের টানা বৃষ্টিতে হাওরাঞ্চলের বিভিন্ন উপজেলায় পানি দ্রুত বৃদ্ধি পায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইটনা উপজেলা, যেখানে প্রায় ২ হাজার ৭৬৮ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। এছাড়া অষ্টগ্রাম উপজেলা হাওরেও প্রায় ১ হাজার ৯০০ হেক্টর ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাদিকুর রহমান জানান, মিঠামইন উপজেলা, করিমগঞ্জ উপজেলা ও নিকলী উপজেলার হাওর এলাকাতেও পানি ঢুকে ফসল তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে এবং তা দ্রুত মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এদিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডর নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় জেলার সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বালিখলা-ধনু নদীতে ৫ সেন্টিমিটার এবং অষ্টগ্রামের কালনী নদীতে একই পরিমাণ পানি বেড়েছে। তবে এখনো পানি বিপদসীমার নিচে রয়েছে।

হাওরের আকস্মিক পানিবৃদ্ধিতে ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। দ্রুত ক্ষতিপূরণ ও কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।