ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের দিয়ে ‘ধানের শীষ’ স্লোগান, ভিডিও ভাইরাল

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৫:২১ পিএম
কুড়িগ্রামে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের দিয়ে ‘ধানের শীষ’ স্লোগান। ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে এক রাজনৈতিক দলের প্রতীকের পক্ষে স্লোগান দেওয়ানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটিকে নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। 

একাধিক স্থানীয় বাসিন্দার বরাতে জানা গেছে, ভাইরাল হওয়া ভিডিওটি বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ধারণ করা হয়।

ভিডিওতে দেখা যায়, ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ছোট শিক্ষার্থীদের ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে স্লোগান দিতে উদ্বুদ্ধ করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, কোমলমতি শিক্ষার্থীদের একটি রাজনৈতিক দলের পক্ষে স্লোগান ও প্রচারমূলক কর্মকাণ্ডে ব্যবহার করা নির্বাচন কমিশনের নীতিমালার সরাসরি লঙ্ঘন। শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে রাখার স্পষ্ট বিধান থাকলেও তা উপেক্ষা করা হয়েছে বলে তারা দাবি করেন।

পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার বলেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাশরাফি বিন মোকাদ্দেসের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি বিদ্যালয়ে এসে জোরপূর্বক শিক্ষার্থীদের একত্রিত করে দলীয় স্লোগান দিতে বাধ্য করেন।

এ বিষয়ে অভিযুক্ত উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাশরাফি বিন মোকাদ্দেস বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান বলেন, জেলা ছাত্রদলের সভাপতির সঙ্গে আলোচনা করে অভিযুক্ত নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে মৌখিকভাবে তাকে শোকজ করা হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন বলেন, তিনি ভিডিওটি দেখেছেন। বিষয়টি ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির কাছে পাঠানো হবে। সত্যতা যাচাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।