ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০৭:০০ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

শনিবার (২৩ মে) বিকেল ৪টায় এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে কলেজ মোড়স্থ জুলাই স্তম্ভ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে সমবেত হয়।

পরে সেখানে আলোচনা সভায় বক্তব্য দেন, এনসিপি কুড়িগ্রাম জেলার আহ্বায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম মিয়া, সাংগঠনিক সচিব মোজাম্মেল হক বাবু, সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান জুয়েল এবং ছাত্রশক্তির সদস্য সচিব সাদিকুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, যারা সন্ত্রাসী কায়দায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করেছে, তারা হামলা করে প্রমাণ করেছে- এদেশে সন্ত্রাসী কায়দায় আওয়ামী লীগের যেভাবে পতন হয়েছিল; একইভাবে তারাও তাদের পতন ঘটাচ্ছে। আমরা এদেশে আর কোনো নব্য ফ্যাসিস্টের উত্থান হতে দেব না।

বক্তারা আরও বলেন, অবিলম্বে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দোষীদেরকে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা কুড়িগ্রাম এনসিপির পক্ষ থেকে নাসিরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ সময় দলটির কুড়িগ্রাম জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের কয়েক শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।