ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কুমারখালী রেল স্টেশনে যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৫:০৭ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ার কুমারখালী রেল স্টেশনে বেনাপোল এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয়রা।

সোমবার (১১ মে) সকালে কুমারখালী রেল স্টেশন এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে স্থানীয়রা প্রতিবাদ জানান।

সমাবেশে বক্তারা জানান, কুমারখালী শিল্পসমৃদ্ধ ও পর্যটন এলাকা। এখানকার তাঁত ও বস্ত্রশিল্প জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ। এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি, বাউল সম্রাট লালন শাহের জন্মস্থান ও আখড়াবাড়ি, বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক মীর মশাররফ হোসেনের বসতভিটা ও জাদুঘর এবং গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথ মজুমদারের বাড়ি অবস্থিত। কিন্তু পর্যাপ্ত ট্রেন না থামায় যাত্রীদের ব্যাপক ভোগান্তি হচ্ছে। এ কারণে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটির যাত্রাবিরতির দাবি জানান তারা।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম বলেন, ‘ডিসি স্যারের সঙ্গে সচিব স্যার ও ডিজি মহোদয়ের কথা হয়েছে। আজকেই (সোমবার) ফাইল উপস্থাপন করা হয়েছে। আগামী ২৭ জুনের মধ্যে এখানে একটি ট্রেন থামবে।’