ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

পুশইনে ব্যর্থ হয়ে সীমান্তে বিএসএফের ককটেল বিস্ফোরণ

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৩:৩১ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে কাঁটাতারের লাইট নিভিয়ে বাংলাদেশে অবৈধ পুশ ইনে ব্যর্থ হয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার (১৪ জুন) রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আজিজপুর সীমান্তে এ ঘটনা ঘটে। গভীর রাতে আকস্মিক ককটেল বিস্ফোরণের বিকট শব্দে স্থানীয় সীমান্তবাসীর মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকে বিজিবি সীমান্তে বাড়তি সতর্কতা ও টহল জোরদার করেছে।

বিজিবি ও সীমান্ত এলাকার স্থানীয় সূত্রে জানা গেছে, তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর আওতাধীন শ্রীরামপুর বিওপির মেইন পিলার ৮৫৪-এর ১০-এস উপ-পিলারের বিপরীত দিকে ভারতের অভ্যন্তরে অবস্থান করছিল ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের দাউয়াকুমারী ক্যাম্পের একটি টহল দল। রোববার রাতে বিএসএফ সদস্যরা পাঁচজন ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশের ভূখণ্ডে পুশ ইন করার চেষ্টা চালায়। এ সময় পুশ ইন নির্বিঘ্ন করতে তারা সীমান্তের কাঁটাতারের বাতি নিভিয়ে অন্ধকার তৈরি করে।

বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলেন স্থানীয় গ্রামবাসী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গ্রামবাসী ও বিজিবির কঠোর বাধার মুখে পড়ে বিএসএফের পুশ ইনের সেই অপচেষ্টা ভেস্তে যায়। এতে ক্ষুব্ধ হয়ে বিএসএফ টহল দলের সদস্যরা বাংলাদেশের ভূখণ্ড লক্ষ্য করে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং ভারতের অভ্যন্তরে পিছু হটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তিস্তা ব্যাটলিয়ন (৬১ বিজিবি) এর সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, বিএসএফের পুশ ইনের চেষ্টা বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে ব্যর্থ হয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ ইনের অপচেষ্টা নসাৎ করতে বিজিবি সর্বদা প্রস্তুত এবং সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে কড়া নজরদারি রাখছে।