ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

চলন্ত ইঞ্জিনের হুক ছিঁড়ে বগি বিচ্ছিন্ন, দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সচল

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৩:৩৮ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় ইঞ্জিনের হুক ছিঁড়ে ট্রেন বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলচল বন্ধ ছিল।

সোমবার (১৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাগলা থানার শহীদনগর পশ্চিম গোলাবাড়ি বাজার এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের হুক ছিঁড়ে এ ঘটনা ঘটে। পরে দুপুর আড়াইটার দিকে ট্রেনের হুক লাগিয়ে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ভুয়াপুরগামী আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি শহীদ নগর এলাকায় পৌঁছলে চলন্ত অবস্থায় হঠাৎ ইঞ্জিনের হুক ছিঁড়ে বগিগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। ইঞ্জিন কিছুদূর যাওয়ার পর চালক টের পেয়ে ইঞ্জিন ব্যাক করে নিয়ে আসে।

ওসি আকতার হোসেন আরও বলেন, এই ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ভেঙে যাওয়া হুক মেরামতের কাজ শেষে দুপুর আড়াইটার দিকে ট্রেনের হুক লাগিয়ে মেরামত শেষে জামালপুর এক্সপ্রেস ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসে। পরে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।