ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাগুরায় অস্ত্র-গুলিসহ বিএনপি ও যুবদল নেতা গ্রেপ্তার

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৫:১৩ পিএম
ছবি : সংগৃহীত

মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া এলাকায় বিশেষ অভিযানে একটি পিস্তল, তিন রাউন্ড গুলিসহ বিএনপি ও যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

গ্রেপ্তারকৃতরা হলেন শালিখা উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান নয়ন ও তার আপন ভাই জেলা বিএনপির বর্তমান সদস্য ও শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট।

শুক্রবার (৩০ জানুয়ারি) ভোরে শালিখা উপজেলার আড়পাড়া এলাকায় তাদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে যৌথ বাহিনী তাদের গ্রেপ্তার করে। অভিযানের সময় একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, ধারালো দেশীয় অস্ত্র (চাপাতি, চাকু, গাছিদা) এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শালিখা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আড়পাড়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

শালিখা থানার ওসি আবু সাঈদ বলেন, যৌথ বাহিনী গ্রেপ্তারকৃতদের আমাদের কাছে হস্তান্তর করেছে। উদ্ধারকৃত অস্ত্র ও মালামাল জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, মুন্সি নয়নুজ্জামান নয়নকে ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে যুবদলের প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়। ২০২৬ সালের ২৪ জানুয়ারি যুবদলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বীয় পদে পুনর্বহাল করা হয়।