ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাগুরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ ১৫ গ্রেপ্তার

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৭:১৭ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ঈদ উপলক্ষে ভিজিএফ চালের কার্ড ভাগাভাগিকে কেন্দ্র করে মাগুরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতের এই সংঘর্ষে ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ তরিকুল ইসলামসহ অন্তত ১৪ জন আহত হন। এ ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়। আদালত গ্রেপ্তারকৃতদের জামিন নামঞ্জুর করে জেল-হাজতে পাঠিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন: মো. সুমন বিশ্বাস (৩৩), জামিল শেখ (৩১), মো. রবিন খান (৩১), বাচ্চু মিয়া (৪৬), মো. সাইফুল ইসলাম (৪৪), মো. ওসমান (২৩), মো. সাব্বির হোসেন (২৫), মো. হাফিজুল ইসলাম (২৭), শান্ত বিশ্বাস (১৯), মো. আরিফ শেখ (৩৫), মো. আনোয়ার হোসেন, মো. মনিরুল শেখ, মোছা. শিকা বেগম (২৬) এবং আবুল হোসেন আবু (৫৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে সরকারি চাল বিতরণকে কেন্দ্র করে বাটিকাডাঙ্গা এলাকায় ৮ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা তরিকুল শেখ ও অপর নেতা আবু মিয়ার মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাগুরা সদর থানার ওসি আশিকুর রহমান বলেন, ‘স্থানীয় ওয়ার্ড বিএনপির দুই গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মাগুরা সদর থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।’

মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম জানান, ‘ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা রয়েছে, দল-মত নির্বিশেষে যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।