ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বজ্রপাতে ১৩ গরুর মৃত্যু, বিপাকে চা-শ্রমিক পরিবার

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৬:১২ পিএম
মৌলভীবাজারের জুড়ীতে বজ্রপাতে ১৩টি গরু মারা যায়। ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মাঠে ঘাস খাওয়ার সময় আকস্মিক বজ্রপাতে ১৩টি গরু মারা গেছে। বুধবার (৩ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে কুচাই চা-বাগান এলাকার একটি মাঠে কয়েকজন চা-শ্রমিকের গরু চরছিল। এ সময় হঠাৎ তীব্র বজ্রপাত হলে ঘটনাস্থলেই ১৩টি গরু মারা যায়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

বজ্রপাতে মারা যাওয়া গরুগুলোর মালিকরা হলেন: রবি মুন্ডা, কালাচান মুন্ডা, বুধুলাল মুন্ডা, রাজেন মুন্ডা, মক্র মুন্ডা, চিনিলাল মুন্ডা ও বিরসা মুন্ডা। তারা সবাই কুচাই চা-বাগান এলাকার চা-শ্রমিক।

স্থানীয়রা জানান, বজ্রপাতের বিকট শব্দে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে মাঠে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মৃত গরুগুলো দেখতে পান। একসঙ্গে এতগুলো গরুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের দাবি জানিয়েছেন।