ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

মৌলভীবাজারে পালিত হলো ‘জুলাই শহীদ দিবস’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০২:৫৭ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

যথাযোগ্য মর্যাদা, ভাবগম্ভীর পরিবেশ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এ সময় জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল।

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের অবদান জাতির গণতান্ত্রিক অগ্রযাত্রা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন। একই সঙ্গে জুলাইয়ের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার এবং শহীদদের আদর্শ ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক, জুলাই আন্দোলনের যোদ্ধারা, পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সমগ্র কর্মসূচি সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের আত্মত্যাগের আদর্শ সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা।