ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

নরসিংদীতে পানিতে ডুবে ৩ শিশু শিক্ষার্থীর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০২:৪৪ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

নরসিংদীর রায়পুরায় পানিতে ডুবে ৩ শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বরকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩ ), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯) ও রুবেল মিয়ার মেয়ে জান্নাত (৮)। নিহতরা সবাই বড়কান্দা এলাকার গাউসিয়া নুরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বরকান্দা এলাকায় গাউসিয়া নূরে মদিনা মহিলা মাদ্রসার শিক্ষার্থীদের নিয়ে সকালে ক্লাস শুরু হয়। ক্লাস শেষে টিফিস পিরিয়ড শুরু হয়। ওই সময় ৬ শিশু শিক্ষার্থী মাদ্রাসার পার্শ্ববর্তী একটি বিলে গোসল করতে নামে। ওই সময় এক শিশু পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে পরপর ৫ জন পানিতে নামে। ওই সময় অরও ৩ শিশু পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী তাদের উদ্ধারে নামে। ওই সময় ৩ শিশুর মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে ৩ শিশুর মরদেহ উদ্ধারের পর আরও ১ শিশুর লাশ পাওয়ার খবর পাওয়া গেছে। তাবে তার নাম ঠিকানা পাওয়া যায়নি। বা তাকে হাসপাতালেও আনা হয়নি।

রায়পুরা থানার ওসি মজিবুর রহমান বলেন, পানিতে ডুবে ৩ শিশু নিহতের খবর পেয়েছি। হাসপাতালে ৩ জনের লাশ পেয়েছি। শুনেছি আরও একজনের মৃত্যু হয়েছে। আমরা সেখানে যাচ্ছি।