ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মুদি দোকান থেকে ৩ বালতি ককটেল উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১০:৩৩ এএম
উদ্ধার হওয়া তিন বালতি ককটেল।  ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের ঢালিকান্দি এলাকায় একটি পরিত্যক্ত মুদি দোকান থেকে ৩ বালতি তাজা ককটেল ও বেশ কয়েকটি চোরাই ব্যাটারি উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত বালতিতে আনুমানিক অর্ধশতাধিক ককটেল থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, চরাঞ্চলের আধিপত্য নিয়ন্ত্রণ ও নাশকতা প্রতিরোধে কয়েকদিন ধরে এলাকায় টহল জোরদার করা হয়েছিল। শনিবার রাত ৯টায় ঢালিকান্দি মানিক শিকদারের বাড়িতে অভিযান চালিয়ে পাশের পরিত্যক্ত দোকানে তল্লাশি করে ককটেলগুলো উদ্ধার করা হয়। এ সময় কিছু মোবাইল টাওয়ারে ব্যবহৃত চোরাই ব্যাটারিও পাওয়া যায়। ১৯ বীর মাওয়া সেনানিবাসের সিও লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, সম্প্রতি পূর্ববিরোধের জেরে কিছু অসাধু ব্যক্তি আধিপত্য বিস্তার করতে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল। শনিবার সন্ধ্যায় নোয়াদ্দা এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। তদন্ত চলছে, যদিও এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী বলেন, জেলায় পরিবেশ শান্ত ও সুষ্ঠু রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। যেকোনো ধরনের নাশকতা বা সহিংসতা কঠোরভাবে দমন করা হবে এবং অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।