ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দুদিনে পদ্মা সেতুতে টোল আদায় ৯ কোটি টাকা

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০১:০৫ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। টানা সাত দিনের লম্বা ছুটির তৃতীয় দিনেও তেমন যানজট নেই। তবে কিছু জায়গায় গাড়িভাড়া বেশি নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে যানবাহনের কিছুটা বাড়তি চাপ থাকলেও কোনো ধরনের যানজট ছাড়াই দক্ষিণবঙ্গের ২১ জেলার যাত্রীরা স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পারছেন। গত ৪৮ ঘণ্টায় সেতুর উভয় প্রান্ত দিয়ে ৮০,৪০২টি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে প্রায় ৯ কোটি টাকা টোল আদায় হয়েছে বলে আলতাফ হোসেন শেখ জানিয়েছেন।

সেতু কর্তৃপক্ষের পরিচালক জানান, বড় যানবাহনের জন্য ৭টি এবং মোটরসাইকেলের জন্য ৩টি পৃথক টোল কাউন্টার চালু থাকায় দ্রুততম সময়ে টোল আদায় সম্পন্ন হচ্ছে। এ ছাড়া পুরো সেতু এলাকা ১৮১টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

মে. নেহাজুল আলম রূপালী বাংলাদেশকে বলেন, পুলিশের ৫ শতাধিক সদস্য ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন করা হয়েছে। যাত্রী হয়রানি রোধে এবং মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। 

তিনি আরও বলেন, পর্যাপ্ত প্রস্তুতি থাকায় এখন পর্যন্ত কোনো বড় ধরনের সমস্যা হয়নি এবং সাধারণ যাত্রীরাও নির্বিঘ্নে ঈদ যাত্রায় সন্তুষ্ট।