মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত জেলা সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সাঈদকে বিস্ফোরণ-সংক্রান্ত মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার রশুনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া অ্যাডভোকেট আবু সাঈদ উপজেলার রশুনিয়া ইউনিয়নের পূর্ব রশুনিয়া গ্রামের মৃত মো. বোরহান উদ্দিন বেপারীর ছেলে।
সিরাজদীখান থানার ওসি মো. আলাউদ্দীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২৫ সালের ১২ এপ্রিল মুন্সীগঞ্জ সদর থানায় দায়ের হওয়া বিস্ফোরণ-সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি অ্যাডভোকেট আবু সাঈদ। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে।
ওসি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

