ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ১০:১৭ এএম
ছবি : সংগৃহীত

শ্রমিকদের সাংগঠনিক বিরোধের জেরে টানা দ্বিতীয় দিনের মতো রাজশাহীর সঙ্গে সারা দেশের দূরপাল্লা ও আন্তজেলা বাস চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবারও (১৪ জুলাই) রাজশাহী শিরোইল বাস টার্মিনালসহ নগরীর বিভিন্ন বাস কাউন্টার থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যেতে দেখা যায়নি। ফলে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াতের উদ্দেশ্যে আসা হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় আকস্মিকভাবে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর মঙ্গলবারও সংকটের কোনো সমাধান না হওয়ায় যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে। অনেকেই কাউন্টারে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও বাস না পেয়ে ফিরে গেছেন। কেউ কেউ জরুরি প্রয়োজনে অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে রওনা হয়েছেন, আবার অনেকে ভ্রমণ স্থগিত করতে বাধ্য হয়েছেন।

রাজশাহী বাস টার্মিনালে আসা ঢাকাগামী যাত্রী মাসুদ রানা বলেন, আজ সকাল থেকেই বাসের অপেক্ষায় আছি। চাকরির ইন্টারভিউ দিতে ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু কোনো বাস না থাকায় এখন বুঝতে পারছি না কীভাবে যাব। একটি অভ্যন্তরীণ পরিবহন ধরে অন্য জেলা হয়ে যেতে হলেও অনেক বেশি সময় ও টাকা লাগবে।

নাটোরগামী যাত্রী রুবিনা খাতুন বলেন, অসুস্থ মাকে দেখতে যাওয়ার জন্য গতকাল এসেছিলাম, কিন্তু কোনো বাস পাচ্ছি না।

আরেক যাত্রী মো. শামীম হোসেন বলেন, হঠাৎ করে বাস বন্ধ হয়ে যাওয়ায় আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি। কোনো আগাম ঘোষণা নেই, বিকল্প ব্যবস্থাও নেই। বাসস্ট্যান্ডে এসে শুধু অপেক্ষা করেই ফিরে যেতে হচ্ছে।

পরিবহণ শ্রমিকরা জানান, সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন ও সাংগঠনিক বিষয় নিয়ে দুই পক্ষের বৈঠকের পর বিরোধ চরম আকার ধারণ করে। পরে এক পক্ষের বিরুদ্ধে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালের চেম্বার ও একটি বাস কাউন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। ঘটনার পর থেকেই রাজশাহীর সঙ্গে সারা দেশের দূরপাল্লা ও আন্তজেলা বাস চলাচল বন্ধ রয়েছে।

এদিকে দ্বিতীয় দিনেও বাস চলাচল বন্ধ থাকায় টার্মিনাল এলাকায় যাত্রীদের ভিড় থাকলেও অধিকাংশ টিকিট কাউন্টার বন্ধ দেখা গেছে।

ঘটনার বিষয়ে জানতে রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এর আগেও সাংগঠনিক বিরোধকে কেন্দ্র করে একাধিকবার রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ হয়েছে। গত ২৩ এপ্রিল ও ১৮ মে একই ধরনের বিরোধে বাস চলাচল বন্ধ হওয়ায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছিল। এবারও সেই বিরোধের জেরেই রাজশাহীর সড়ক যোগাযোগে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।