ময়মনসিংহের তারাকান্দায় জমি নিয়ে বিরোধের জেরে পক্ষ-বিপক্ষে হামলা ও ছুরিকাঘাতে নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন।
রোববার (১২ জুলাই) বেলা দুইটার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের জব্বারের বাড়ির সামনে আক্রামকে ছুরিকাঘাতে হত্যা করে ভাতিজা আলামিন। পরে এমন খবর ছড়িয়ে পড়লে ওই দিন বিকেলে বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামে আলামিনের বাড়িতে হামলার ঘটনা ঘটে। হামলায় আল আমিনের মা নুরজাহানসহ তিনজন আহত হয়। আহদের মাঝে নুরজাহান সোমবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাশিদ পক্ষে-বিপক্ষে নারীসহ দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, উপজেলার বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের ওসমান গণির ছেলে আক্রাম মিয়া (৪৫) ও একই গ্রামের আ. হাই এর স্ত্রী নূরজাহান বেগম (৫৮)।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, নিহত আক্রাম হোসেনের সঙ্গে দীর্ঘদিন যাবত ভাতিজা আলামিনের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। জমি নিয়ে দুই পক্ষের মাঝে বেশ কয়েকটি সালিশ হয়েছে। তবে, মিমাংসা হয়নি। ঘটনার দিন আক্রাম মামলা করতে ময়মনসিংহে যাচ্ছিলেন। পথে রামপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের জব্বারের বাড়ির সামনে ভাতিজা আলামিন লোককজন নিয়ে চাচা আক্রাম মিয়ার মোটরসাইকেলের গতিরোধ করে। এতে দুই পক্ষের মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে চাচা আক্রাম হাতুরি দিয়ে আলামিনকে আঘাত করে। এতে আলামিন কোমর থেকে ছুরি বের করে চাচা আক্রামের বুকের পাশে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই আক্রাম মিয়া মারা যায়।
আক্রামের মৃত্যুর বিষয়টি ছড়িয়ে পড়লে ওই দিন বিকেলে বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামে আলামিনের বাড়িতে হামলা করে নিহত আক্রামের লোকজন। হামলায় আল আমিনের মা নুরজাহান, স্ত্রী ও বোন আহত হয়। পরে স্থানীয়রা আহত ৩ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে আজ সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় নুরজাহানড় মারা যায়।
ওসি মো. আব্দুর রাশিদ বলেন, রোববার আক্রাম হত্যাকান্ডের খবর এলাকায় ছড়িয়ে পড়লে আলামিনের বাড়িতে হামলার ঘটনা ঘটে। হামলায় আল আমিনের মা নুরজাহান, স্ত্রী ও বোন আহত হয়। পরে স্থানীয়রা আহত ৩ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে আজ সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় নুরজাহান মারা যায়। তবে, কোন পক্ষই থানায় এখনো কোন অভিযোগ করেনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

