নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২০ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে। একই অর্থবছরে সম্ভাব্য আয় ধরা হয়েছে ২৪ কোটি ৩৩ লাখ ৯৬ হাজার ৮৪৫ টাকা।
সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ বাজেট উপস্থাপন করেন।
উপস্থাপিত বাজেটে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, নারী ও শিশু কল্যাণ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় জনগণের চাহিদা ও টেকসই উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন খাতে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে, যাতে জনসেবার মানোন্নয়ন ও উপজেলার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হয়।
অনুষ্ঠানে উপজেলা পূর্বাচল সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, সহকারী কমিশনার (ভূমি) মারজানুর রহমান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, কর্মপরিকল্পনা প্রণয়ন এবং প্রশাসনিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

