ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ভোলায় পুলিশ সদস্য নুরউদ্দিন আটক

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ১০:২৭ পিএম
ছবি : সংগৃহীত

ভোলার দৌলতখান উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনায় নুরউদ্দিন নামে এক পুলিশ সদস্যকে আটক করেছে পুলিশ। একই ঘটনায় মুহাইমিন শিকদার নামে তার এক সহযোগীকেও আটক করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় দৌলতখান পৌর এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহত হয়েছেন দৌলতখান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সেলিম এবং সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. লিটন। তাদের উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আটক নুরউদ্দিন ঢাকার রমনা পুলিশ অফিসার্স মেসে জিম প্রশিক্ষক হিসেবে কর্মরত। তিনি দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত আলাউদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও আহতদের অভিযোগ, গ্রামের বাড়িতে এসে নুরউদ্দিন তার চাচা লিটনের জমিতে থাকা গাছ কাটতে যান। এতে লিটন ও বাড়ির অন্য সদস্যরা বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে সহযোগী মুহাইমিন শিকদার, সোহাগ, সজিব ও সুজনকে নিয়ে লিটন ও সেলিমের ওপর হামলা চালান। লাঠি ও রড দিয়ে মারধরের ফলে তারা গুরুতর আহত হন।

ওই বাড়ির বাসিন্দা আলাউদ্দিন মাস্টার অভিযোগ করেন, গাছ কাটতে বাধা দেওয়ায় নুরউদ্দিন তাকে হুমকি দেন। তবে অভিযুক্তের ভাই আল আমিন দাবি করেন, তার ভাই কয়েকদিন ধরে মানসিকভাবে অসুস্থ। ঘটনার জন্য তিনি সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন।

হাসপাতালে চিকিৎসাধীন লিটন জানান, হামলায় তাদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে। এ ঘটনায় তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ সদস্য নুরউদ্দিন ও তার সহযোগী মুহাইমিন শিকদারকে আটক করা হয়েছে। নুরউদ্দিনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া মুহাইমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে, কারণ তিনি মাদক-সংক্রান্ত অপরাধে জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।