ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সীগঞ্জে আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৬:৫৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে জেলা শহরের সরকারি গণগ্রন্থাগারে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তিনটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেন।

জেলা সরকারি গণগ্রন্থাগার সূত্রে জানা যায়, আবৃত্তি প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি, ‘খ’ গ্রুপে নবম থেকে দশম শ্রেণি এবং ‘গ’ গ্রুপে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার বিষয় ছিল ‘জুলাই গণঅভ্যুত্থান’ বিষয়ক কবিতা।

রচনা প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপের বিষয় ছিল ‘আমার দেখা জুলাই’। ‘খ’ গ্রুপের জন্য নির্ধারিত বিষয় ছিল ‘জুলাই গণঅভ্যুত্থান: পটভূমি, তাৎপর্য ও নতুন বাংলাদেশের স্বপ্ন’ এবং ‘গ’ গ্রুপের জন্য বিষয় ছিল ‘জুলাই গণঅভ্যুত্থান ও জাতীয় ঐক্য’।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে শিশু থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়। ‘খ’ গ্রুপে তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা ‘আমার চোখে জুলাই’ বিষয়ের ওপর ছবি আঁকে। এছাড়া ‘গ’ গ্রুপে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য উন্মুক্তভাবে প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরবের রিয়াদে অবস্থিত বি.আই.এস. ই.এস.-এর সাবেক অধ্যক্ষ করীম রেজা, জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান রত্না সরকার, কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মো. তোহা মিয়া আখন এবং প্রভাষক মো. ফরহাদ মিয়া,সহ আরও অনেকে।