ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ময়মনসিংহে দীপু দাস হত্যা: আরও দুই আসামি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৪:২৯ এএম
পুলিশ সদস্যদের সঙ্গে রিমান্ড পাওয়া দুই আসামি। ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে (২৭) পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন দেয়ার মামলায় আরও দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৪ জানুয়ারি) বিকালে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন- নিবির ইসলাম ওরফে অনিক (২০) ও মো. এরশাদ (২৭)। নিবির ইসলামের বাড়ি ত্রিশাল উপজেলার ধানীখোলা গ্রামে এবং এরশাদ নেত্রকোনার মোহনগঞ্জের নেহারা জয়পুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যায় এরশাদকে এবং মঙ্গলবার নিবির ইসলামকে গ্রেপ্তার করা হয়। নিবির ইসলামকে সাত দিনের রিমান্ড চেয়ে বুধবার এবং এরশাদকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়েছিল।

ময়মনসিংহের আদালত পরিদর্শক পি এস এম মোস্তাছিনুর রহমান জানান, ওই দুই আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে এই মামলায় আরও ১৮ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়।

ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকায় ১৮ ডিসেম্বর রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার কর্মী দীপু চন্দ্র দাসকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরে কারখানা থেকে এক কিলোমিটার দূরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় সড়ক বিভাজকের একটি গাছে ঝুলিয়ে মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়।

নিহত দীপু চন্দ্র দাসের বাড়ি জেলার তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামে। এ ঘটনায় তার ভাই অপু চন্দ্র দাস অজ্ঞাত পরিচয় ১৪০-১৫০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় এ পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।