ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

বিএনপির স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুন, দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ১১:৩১ এএম
নিহত বিএনপি কর্মী নজরুল ইসলাম। ছবি- সংগৃহীত

ময়মনসিংহ-১ (হালুয়াঘাটা-ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে নজরুল ইসলাম (৪৫) নিহতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত নজরুল ইসলাম ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের রামসিংহপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে এবং স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক ছিলেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার উত্তর গামারীতলা গ্রামের মৃত হাতেম আলীর ছেলে মো. আদম আলী (৫৪) এবং চন্দ্রকোনা গ্রামের মৃত আছম আলীর ছেলে মো. দুলাল মিয়া।

শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম দুইজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার পর ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে যান তিনি। উদ্বোধন শেষে ফিরে আসার সময় বিএনপি প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সমর্থক ফরহাদ, আজহারুল, শাহজাহান মেম্বার, আদম আলীসহ কয়েকজন তার ওপর হামলা চালায়। হামলার সময় নজরুল ইসলামকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল বলেন, আমাদের অফিস উদ্বোধন করে বের হওয়ার সময় প্রিন্স ভাইয়ের লোকজন অতর্কিত হামলা চালায়। হামলায় ফরহাদ, আজহারুল, শাহজাহান মেম্বার ও আদম আলী নজরুল ইসলামকে আটকে ছুরিকাঘাত করে। পরে তাকে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমার কর্মী নজরুল ইসলাম হত্যার সঙ্গে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আমি হালুয়াঘাটে আছি। এ ব্যাপারে আমি পুরোপুরি অবগত নই। তবে যতটুকু জানতে পেরেছি, এটি তাদের পারিবারিক কোনো সমস্যাকে কেন্দ্র করে ঘটেছে। বিষয়টিকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, দুলাল ভাই ও তার বোনজামাই পাশাপাশি বাড়িতে থাকেন এবং তাদের মধ্যে আগে থেকেই সমস্যা ছিল। যিনি হামলা করেছেন, তিনি আগে আমাদের দলের সমর্থক ছিলেন। তবে ঘটনা যদি এভাবে ঘটে থাকে, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, নজরুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।