ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: জুন ১২, ২০২৬, ১০:৪৩ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে মাদক ব্যবসা করার অভিযোগে আলামিন শেখ (৬০) নামে এক ব্যক্তির বাড়ি ভাঙচুর ও লোটপাট করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১২ জুন) জুমার নামাজের পর উপজেলার সিংরইল ইউনিয়নের উদংমধুপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় রাত ৯ টার দিকে আলামিন শেখের স্ত্রী শামীলা আক্তার বাদী হয়ে নান্দাইল থানায় অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আলামিন শেখের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। শুক্রবার জুমার নামাজ শেষে কয়েকশ লোক তার বাড়িতে গিয়ে ভাঙচুর চালায়। এ সময় বাড়ির বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

তবে ভুক্তভোগী পরিবারের দাবি, মাদক ব্যবসার অভিযোগকে সামনে এনে পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাদের বাড়িতে হামলা চালানো হয়েছে।

আলামিন শেখের মেয়ে রুজিনা আক্তার বলেন, আমাদের বাড়ির পাশের জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে। সেই বিরোধের জের ধরেই এলাকার কিছু লোক বাইরের লোকজন এনে আমাদের বাড়িঘরে হামলা চালিয়েছে। তারা নগদ ৫০ হাজার টাকা, প্রায় ২৫ মণ ধান ও চালসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে। হামলার সময় আমার মাকেও মারধর করা হয়েছে।

মাদক ব্যবসার অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমার বাবা মাদক সেবন করেন, তবে তিনি মাদক বিক্রি করেন না।

অন্যদিকে স্থানীয় বাসিন্দা মো. সম্রাট আকবর দাবি করেন, আলামিন শেখ প্রায় ১৫ থেকে ২০ বছর ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। গ্রেপ্তার হওয়ার পরও জামিনে বেরিয়ে এসে তিনি আবার একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় লোকজন তার বাড়িতে ভাঙচুর চালিয়েছে।
 
একই গ্রামের বাসিন্দা মো. হিরা মিয়া বলেন, আলামিন শেখ, তার স্ত্রী ও ছেলে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছেন বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসী অনেকবার সতর্ক করলেও তারা তা আমলে নেয়নি। পরে জুমার নামাজের পর কয়েকশ মানুষ একত্রিত হয়ে তার বাড়িঘরে ভাঙচুর চালায়।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় আলামিন শেখের স্ত্রী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। আলামিন শেখের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তদন্ত করে প্রকুত ঘটনা বের করে আইনগত ব্যবস্থা।