কক্সবাজারে একদিনের সফরে আগামীকাল শনিবার (১৩ জুন) যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, তিনি সকাল ১০টায় কক্সবাজার পৌঁছাবেন।
বিমানবন্দর থেকে কক্সবাজার সদরের পিএমখালী এলাকায় গিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ‘পাতলীখালের’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এ সময় তিনি একটি সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেবেন।
পরে তিনি চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এ ছাড়া ছাত্র-জনতার অভ্যুত্থানে কক্সবাজারের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সফরকালে তিনি নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন।
বিকেল ৪টায় চকরিয়া বাস টার্মিনালে আয়োজিত বিএনপির জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। জনসভা শেষে তিনি কক্সবাজার শহরে একটি সুধী সমাবেশে অংশ নেবেন এবং মেরিন ড্রাইভ ও সমুদ্রসৈকত পরিদর্শন করবেন। রাতেই তিনি ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। সফরসূচিতে থাকা উদ্বোধন, পরিদর্শন এবং মতবিনিময় কর্মসূচিগুলো সফল ও নিরাপদভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সমন্বয় কার্যক্রমও ইতোমধ্যে শেষ হয়েছে।

