ঢাকা শুক্রবার, ১২ জুন, ২০২৬

ব্যাংকে কত টাকা থাকলে দিতে হবে না কর

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৮:২১ পিএম
ছবি : সংগৃহীত

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যাংকে জমা রাখা টাকার ওপর আবগারি শুল্ক মওকুফের সীমা বাড়াচ্ছে সরকার। এর ফলে আগামী অর্থবছর থেকে যাদের ব্যাংক হিসাবে চার লাখ টাকা পর্যন্ত জমা থাকবে, তাদের কোনো আবগারি শুল্ক দিতে হবে না।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট প্রস্তাবে ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে এই সুবিধা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বর্তমানে ব্যাংক হিসাবে যদি তিন লাখ টাকা থাকে, তাহলে বছরে একবার আবগারি শুল্ক দিতে হয়। এবার এই সীমা বাড়িয়ে চার লাখ টাকা করা হয়েছে।

ব্যাংক হিসাবে আমানতের স্থিতি নির্দিষ্ট সীমা অতিক্রম করলে বছরে একবারই আবগারি শুল্ক দিতে হবে।

এ ছাড়া একটি ঋণ হিসাবের বিপরীতে শুধু একবারই আবগারি শুল্ক কাটা হবে।

এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে শুল্ক অব্যাহতির সীমা বাড়ানো হয়েছে। এ ছাড়া ব্যাংকিং ব্যবস্থায় একটি ঋণ হিসাবের বিপরীতে একাধিক ডিল বা অ্যাকাউন্ট খোলা হলে প্রতিটির বিপরীতে আবগারি শুল্ক কাটা হতো। এখন একবারই কাটা হবে।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। সামগ্রিক বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

বাজেটের বিশাল এই ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক—উভয় উৎস থেকেই অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে।