রাজধানীর কাফরুল থানাধীন এলাকায় মোটরসাইকেল চালক সাজিদ চৌধুরী রাফিকে ইট দিয়ে আঘাত করে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার তিন আসামিকে কারাগারে পাঠানোর হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেলে তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপ-পরিদর্শক মো. হাসিবুর রহমান আবেদনটি করেন। প্রসিকিউশন বিভাগের এসআই ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন মো. পারভেজ, আনোয়ার হোসেন বাবু ও মো. ফয়সাল ওরফে কালু। তবে এ দিন আসামিপক্ষে কোনো আবেদন ছিল না।
এর আগে গত বৃহস্পতিবার ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে মো. পারভেজকে এবং ইব্রাহিমপুর এলাকা থেকে আনোয়ার হোসেন বাবুকে গ্রেপ্তার করা হয়। এছাড়া কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ওরফে কালুকে গ্রেপ্তার করে র্যাব।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত মঙ্গলবার রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে মোটরসাইকেলে নিজ বাসায় ফিরছিলেন ভুক্তভোগী রাফি।
তিনি কাফরুল থানাধীন ইব্রাহিমপুর এলাকায় পৌঁছালে পূর্বশত্রুতার জেরে রাফির মাথার ডান পাশে ইট দিয়ে আঘাত করেন দুষ্কৃতকারীরা। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান। এ ঘটনায় রাফির চাচা নুর হোসেন বাদী হয়ে কাফরুল থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।
আসামি কালু প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, ব্যবসা নিয়ে রাফির সঙ্গে অভিযুক্তদের আগে থেকে বিরোধ চলছিল। কয়েকদিন আগেও এ নিয়ে কথা-কাটাকাটি হয়।
ঘটনার দিন রাফি একা বাইক চালিয়ে আসছিলেন। এ সময় ওই রাস্তায় কালু, পারভেজসহ তার সহযোগীরা আড্ডা দিচ্ছিল। রাফিকে একা দেখে তারা আটকাতে যায়। কালু বাইকারকে আটকাতে ব্যর্থ হলে একটু সামনে অবস্থান করা পারভেজ ইটের টুকরো দিয়ে মাথায় সজোরে আঘাত করে। এতে বাইকার পড়ে যায় এবং মাথায় গুরুতর আঘাত পায়। পরবর্তীতে অভিযুক্তরা বাইকারকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়।


