মৌলভীবাজারের সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুজিবুর রহমান নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
শুক্রবার (১২ জুন) বিকেলে জেলার কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সীমান্তবর্তী মনু নদী সংলগ্ন এলাকায় মুজিবুর রহমানকে লক্ষ্য করে গুলি চালায় বিএসএসফ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহত মুজিবুর রহমানের মরদেহ ঘটনাস্থলেই পড়ে ছিল।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানিয়েছেন, বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্তবর্তী এলাকায় বিএসএফের গুলির খবর পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।


