ময়মনসিংহের গৌরীপুরে দুই সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ডৌহাখলা ইউনিয়নের চরশ্রীরামপুর এলাকার মেসার্স তাসনিম ফিলিং স্টেশনের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ থেকে গৌরীপুরগামী একটি সিএনজি ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ডৌহাখলা ইউনিয়নের চরশ্রীরামপুর এলাকার মেসার্স তাসনিম ফিলিং স্টেশনের পশ্চিম পাশে আসতেই বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই আনুমানিক ৬০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়।
এ ঘটনায় সিএনজি চার যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত ও নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য মহাসড়কে আতঙ্ক সৃষ্টি হলেও যান চলাচল স্বাভাবিক ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত দুটি সিএনজি রাস্তার পাশ থেকে সরিয়ে নেয়।
গৌরীপুর থানার ওসি কামরুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। দুর্ঘটনার পরও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

