ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিকাশে বেতন উত্তোলন করতে না পেরে মহাসড়ক অবরোধ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৭:৫৮ পিএম
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ভালুকায় বিকাশে বেতন উত্তোলন করতে না পারায় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ২০ মিনিট থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত উপজেলার সিডস্টের বাজার এলাকায় হামিদ টেক্সটাইল লিমিটেডের প্রায় শ্রমিক মহাসড়কে অবস্থান নেন। এতে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই প্রতিষ্ঠানের শ্রমিকদের মাসিক বেতন বিকাশের মাধ্যমে পরিশোধ করা হয়। তবে জাতীয় সংসদ নির্বাচনের কারণে বিকাশে একবারে এক হাজার টাকার বেশি উত্তোলনে সাময়িক সীমা আরোপ করা হয়েছে। ফলে শ্রমিকরা পুরো বেতন একসঙ্গে উত্তোলন করতে না পারায় অসন্তোষ দেখা দেয়। এই পরিস্থিতিতে প্রতিবাদ স্বরূপ তারা সড়ক অবরোধ করেন।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। পরে প্রায় আধা ঘণ্টা পর শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫-এর অতিরিক্ত পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল বলেন, ‘শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং মহাসড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।’