ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে স্বতন্ত্র প্রার্থীর এক এজেন্টের ছেলেকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণের পর কেন্দ্র না ছাড়লে ছেলেকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ওই এজেন্ট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার রাজ্যই ইউনিয়নের মধ্যরাজ্যই এলাকায় এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, রাজ্যই ইউনিয়নের মধ্যরাজ্যই বালিকা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কনক নামের এক ব্যক্তি এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কেন্দ্রে ভোটের অনিয়মের প্রতিবাদ করার পরই এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
এজেন্ট কনক বলেন, ‘আমি কেন্দ্রে এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলাম। হঠাৎ আমার ছেলের নম্বরে কল আসে। কল রিসিভ করতেই অপহরণকারীরা বলে, আমি এজেন্ট নিয়ে কেন্দ্র না ছাড়লে আমার ছেলেকে মেরে ফেলবে। পরে আমি কেন্দ্র থেকে বের হয়ে আসি। এখন ছেলের নম্বরে ফোন দিলেও রিসিভ করছে না। কে বা কারা অপহরণ করেছে, তা আমার জানা নেই।’
এ বিষয়ে ভালুকা থানার ওসি মো. জাহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি কেউ আমাকে জানায়নি। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন